দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা জহুরুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ মাদরাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১০৬ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড় ছেলে মাওলানা মো: নিজাম উদ্দিন বলেন, আব্বাজান দীর্ঘ দিন বার্ধক্যজনিত কারণে ফরিদপুর ডায়াবেটিক্স হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার দুপুরে রিলিজ দেয়া হয়। এরপর আমরা আব্বাকে তাকে মাদারাসায় আনা যায়। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।
জানাজার সময় জানিয়ে মাওলানা নিজাম উদ্দিন বলেন, আগামীকাল বাদ জোহর পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মাদরাসার মসজিদের পাশেই হুজুরের নিজ নামে রেজিষ্ট্রি করা জায়গায় দাফন করা হবে।
মাওলানা জহুরুল হক রহ. তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তিনি ফরিদপুর জেলা হেফাজত ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া স্বাধীনতার পর ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন।
জহুরুল হকের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।



