দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম, শামসুল হক ফরিদপুরীর খলিফা ও ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ হজরত মাওলানা জহুরুল হক (দ: বা:) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ মাদরাসায় তিনি ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। প্রবীণ এই আলেম ফরিদপুর জেলা হেফাজত ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি স্বাধীনতার পর ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে পরিবারে, ফরিদপুরের আলেম সমাজে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জহুরুল হকের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ স্থানীয় বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বাদ জোহর পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাদরাসার মসজিদের পাশেই তার লাশ দাফন করা হবে।



