চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দিনে দিনে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। গত ১৫ দিনে ডায়রিয়া নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৪৬০ জন রোগী। এছাড়াও প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রাইভেট ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিচ্ছেন আরো অনেক রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তীব্র তাপদাহ ও দূষিত খাবার, পানিই এ ডায়রিয়া প্রাদুর্ভাবের অন্যতম কারণ হিসেবে মনে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশীদ।

তিনি জানান, ডায়রিয়া চিকিৎসার সরঞ্জাম পর্যাপ্ত রয়েছে। প্রতিদিন কমপক্ষে ৩০ জনের ওপরে ডায়রিয়া রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই তীব্র গরমে ডায়রিয়া থেকে বাচঁতে রাস্তার আশে পাশের দূষিত খাবার না খাওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, ডায়রিয়া দেখা দিলে রোগীদের খাবার স্যালাইন, ডাব খাওয়াতে বলেন আর অতিরিক্ত হয়ে গেলে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন এই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।