ফরিদপুরের বর্ষীয়ান আলিমে দ্বীন হজরত মাওলানা জহুরুল হক রহ. গত বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জামিয়া নিযামিয়া আরাবিয়া মাদরাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন জামিয়া আযিযিয়া বাহিরদিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস হজরত আল্লামা আকরাম আলী। জানাজা শেষে মাদরাসার মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। তার ইন্তেকালে পরবর্তী মুহতামিম ও মহাপরিচালক নির্বাচন করা হয় দীর্ঘ ১২ বছর ধরে হুজুরের সহযোগী পরিচালক ও কার্যনির্বাহী মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসা বড় সাহেবজাদা হজরত মাওলানা নিজামুদ্দিনকে।
মুহতামিম নির্বাচন পরামর্শ সভায় উপস্থিত ছিলেন- জামিয়াতুস সুন্নাহের মুহতামিম ও শাইখুল হাদিস হজরত মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী, চরকমলাপুর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস হজরত মাওলানা হেলালুদ্দীন, খাবাসপুর শামসুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা কামরুজ্জামান, বাইতুল উলুম ঢালকানগর, গেণ্ডারিয়া ঢাকার মুহতামিম হজরত মাওলানা মুফতি জাফর আহমাদ প্রমুখ।