টাঙ্গাইলের নাগরপুরে পা বাধাঁ ও গলায় ফাঁস দেয়া মো: ইউসুফ মিয়া (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার পংবাইজোড়া বাজারের কাছের পুষ্টকামরি সালামের সেলোমেশিন ঘরের পাশের লাউয়ের মাচার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইউসুফ মিয়া মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পংবাইজোড়া বাজারে চা-কফি ও জুতার ব্যবসার করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হন ইউসুফ। বিকেল পর্যন্ত তাকে তার দোকানে দেখা গেছে। শুক্রবার সকালে ঘটনাস্থলে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেলে পুলিশ লাশ উদ্ধার করে।
ইউসুফ মিয়ার ছোট ভাই নূরুজ্জামান জানান, বিকেল ৪টার দিকে পংবাইজোড়া বাজারে তার সাথে ইউসুফের দেখা ও কথা হয়। এরপর আর বাড়িতে ফিরেননি তিনি।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে পা বাঁধা অবস্থা দেখে বিষয়টি সন্দেহ হচ্ছে। লাশের ময়নাতদন্ত রির্পোট পেলে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।’



