দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে এক নৃ-গোষ্ঠী কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁকড়া নদীতে এই মৃত্যু হয়।
মৃত অরণ্য সিং (১০) সদর উপজেলার পুলহাট মাঝিপাড়ার বীরেন সিংয়ের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শি ও থানা সূত্রে জানা যায়, বীরেন সিংয়ের পরিবার চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদীর পাশে তপন সিংয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে আসে। এরই ফাঁকে অরণ্য সিং ও তার কয়েকজন বন্ধু মিলে কাঁকড়া নদীতে গোসলের জন্য নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে গেলে বন্ধুরা বাড়িতে সংবাদ দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।



