দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাঁকড়া নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপাড়ার বীরেন সিংয়ের পরিবার চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদীর পাশে তপন সিংয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে আসে। এরই ফাঁকে বীরেন সিংয়ের ছেলে অরণ্য সিং (১০) কয়েক বন্ধু মিলে কাঁকড়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে গেলে বন্ধুরা বাড়িতে সংবাদ দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।