নরসিংদীর ঘোড়াশালে চোর সন্দেহে রাজন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোররাত রাত ৩টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর রাজন উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ইয়াছিন নামে আরেক কিশোর।
পুলিশ জানায়, অতরাতে ওই দুই কিশোর ঘোড়াশালের পাইকসা গ্রামে সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে বাড়ির লোকজন তাদেরকে আটক করে। পরে চোর সন্দেহে তারা রাজন ও ইয়াছিনকে বেধড়ক পিটিয়ে আহত করে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা লাশটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ জানান, অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।