চট্টগ্রামে হাসপাতালে অসুস্থ বড় ভাইকে দেখে বাড়ি ফেরার পথে ছোট ভাই নিহত হয়েছে। সোমবার বেলা ১১টায় নিহতের জানাজা সম্পন্ন হয়। এর আগে রোববার (১৪ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহত ছোট ভাইয়ের নাম মো: ফখরে আলম বাহার (৬৫)। তিনি উপজেলার উত্তর ওয়াহেদপুর গ্রামের মরহুম ছেরাজুল হক প্রকাশ ছেরু সওদাগরের ছেলে। মৃত্যুকালে বাহার স্ত্রী ও চার ছেলে রেখে যান।

জানাযা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, নিহতের ছোট ভাই সুজা উদ্দিন ও ছেলে মো: ইবরাহিম রুবেল।

নিহতের ছোট ভাই সুজা উদ্দিন বলেন, আমাদের বড় ভাই শ্বাসকষ্টজনিত কারণে চট্টগ্রাম পার্কভিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হাসপাতালে রেখে আরেক ভাইকে দাফন করতে বাড়িতে এলাম। মেজ ভাই এভাবে চলে গেলেন, ভাবতেই বুক ফেটে যাচ্ছে। বড় ভাইয়ের অবস্থাও ভালো নয়।

ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু বলেন, বাহার ভাই খুবই সমাজিক লোক ছিলেন। ছোটবেলা থেকে খুব পরিশ্রমী ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। হঠাৎ গাড়ি ধাক্কায় উনার জীবন প্রদীপ নিভে গেল। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।