নরসিংদী বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এক্সরে ও ইসিজি মেশিন নিয়ে। মেশিনটি ২০০৫ সালে স্থাপন করা হলেও দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে। জরুরি প্রয়োজনে এক্সরের জন্য বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে চড়া মূল্যে এক্সরে করাতে হচ্ছে নিম্ন আয়ের রোগীদের।
জানা যায় মেশিনটি চালাতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় সেই পরিমাণ বিদ্যুতের লোড না থাকায় চালুর পর কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে মেশিনটি অকেজো হয়ে পড়ে। এভাবে বার বার মেশিনটি ঠিক করেও চালানো যাচ্ছে না। তা ছাড়া এটি এনালগ হওয়ায় এর চাহিদাও কম। এ অবস্থায় একটি ডিজিটাল মেশিন স্থাপন করলে নিম্ন আয়ের রোগীরা সেবা পেতেন।
এ দিকে ইসিজি মেশিনটি ঠিক থাকলেও অপারেটরের অভাবে তা চালানো যাচ্ছে না। অন্য দিকে ওয়ার্ড বয় দিয়ে চলছে ইসিজির কাজ। স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও সাংবাদিক জুয়েল জানান, এক্সরে ও ইসিজি মেশিন দুটি সচল থাকলে রোগীদের অনেক দুর্ভোগ লাঘব হতো।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দা তানজিনা আফরিন জানান, এক্সরে মেশিনটি স্থাপানের পর থেকে বেশির ভাগ সময়েই অকেজো পড়ে থাকে। বার বার সচল করার চেষ্টা করেও কাজ হচ্ছে না। তা ছাড়া বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রয়োজন। এ দিকে ইসিজি অপারেটরের অভাবে ওয়ার্ড বয় দিয়ে কাজ চালানো হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব সমস্যা দুটি সমাধান করলে সাধারণ রোগীদের কষ্ট অনেকাংশে লাঘব হবে।