গোপালগঞ্জের কোটালীপাড়ায় মামলাবাজ শাজাহান সিকদারের (৬০) অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তিনি উপজেলার রাধগঞ্জ ইউনিয়ন নারিকেলবাড়ী গ্রামের মৃত করিম সিকদারের ছেলে।
সরেজমিন ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, শাজাহান, তার ভাই এনামুল সিকদার, ছেলে আরিফ সিকদার ও ভাতিজা সুমন সিকদার লোকজন নিয়ে এলাকায় গড়ে তুলেছেন সঙ্ঘবদ্ধ লাঠিয়াল বাহিনী। এই বাহিনী অন্যের জায়গা জমি ভুয়া দলিলের মাধ্যমে জবরদখল করছে। এমনটাই জানিয়েছেন ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সরদার, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য অনিল চন্দ্র বাড়ৈ, শিহাব খন্দকার, হরসিত রায়, আনন্দ গাইন, ইদ্রিস খন্দকার, প্রকাশ রায়, মহানন্দ গাইনসহ এলাকার অনেক বাসিন্দা।
ভুক্তভোগী বিধবা শুমতি রায় বলেন, শাজাহান লোকজন নিয়ে জোর করে আমাদের ৮ কাঠা জমির ইরি ধান কেটে নিয়েছেন। সাবেক ইউপি সদস্য বিপুল রায় জানান, নারিকেলবাড়ী মৌজার বিপুল সম্পত্তি শাজাহান উক্ত জমির জাল দলিল তৈরি করে লাঠিয়াল বাহিনী দিয়ে দখল করতে চান।
এ ব্যাপারে অভিযুক্ত শাজাহান সিকদার বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন।
এ বিষয়ে ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শুমতি রায় বাদি হয়ে শাজাহান সিকদারসহ চারজনকে বিবাদি করে ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।