দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আলিফ বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় বাড়ির পাশে একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

আলিফ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মোহিদুল ইসলামের ছেলে। তিনি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।

ফুলবাড়ী থানার এস আই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় বাড়ির লোকজন। গ্রামের কোথাও তাকে খুঁজে না পেয়ে পুকুরে গোসল করতে নেমেছিল কিনা এমন সন্দেহে, পুকুরের পানিতে জাল ফেলে খুঁজতে থাকে। এ সময় জালে আটকে তাকে উদ্ধার করে দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলিফের চাচা মোস্তাকিম বলেন, আলিফ প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায়, তাকে খুঁজতে খুঁজতে এক সময় পুকুরে জাল ফেলে তাকে পাওয়া যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার এস আই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরাতহাল করা হয়েছে। কারো কেনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।