জৈষ্ঠ্যৈর শুরুতে কালবৈশাখীর হানায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে পুরো জামালপুর জেলা। এ সময় দোকানের ওপর গাছ ভেঙে পড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে জামালপুরের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ঝড়ে জেলার কয়েক হাজার ঘরবাড়ি হাজার হাজার গাছপালা ভেঙে তছনছ হয়ে যায়। এ ছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় দোকানের ওপর গাছ পড়লে গাছ চাপায় মেলান্দহ উপজেলার আমবাড়িয়া বাজারে সুজন মিয়া (৩০) নামে এক মুদিদোকানির মৃত্যু হয়। নিহত সুজন আমবাড়িয়া গ্রামের সোজা খানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সদর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে রাস্তায় গাছ উপড়ে পড়ে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার প্রায় সব ক’টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে ইসলামপুর উপজেলায় সর্বাধিক ক্ষতি হয়েছে। উপজেলার ১২ ইউনিয়ন ও পৌর এলাকায় পাঁচ সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান টিটু জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির সঠিকভাবে পরিমাণ নিরূপণ করতে কয়েকটা দিন সময় লাগবে। তিনি বলেন, বিভিন্ন সূত্রের খবর থেকে ও সরেজমিন দেখে যে তথ্য পেয়েছি তাতে পাঁচ সহস্রাধিক ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান বলেন, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসকসহ ওপর মহলে পাঠানো হবে।
জেলা প্রশাসক শ্রাবস্তি রায় জানান, এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি।
জানা যায়, রাত ১০টার দিকে পশ্চিম দিগন্ত থেকে হঠাৎ শুরু হয় প্রচণ্ড বাতাস। এতে ধ্বংসস্তূপে পরিণত অসংখ্য ঘরবাড়ি। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। গাছের ডাল পড়ে তার ছিঁড়ে জেলার সব উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, কলা, আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
জামালপুরে হঠাৎ কালবৈশাখী লণ্ডভণ্ড বাড়িঘর, নিহত ১
জৈষ্ঠ্যৈর শুরুতে কালবৈশাখীর হানায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে পুরো জামালপুর জেলা। এ সময় দোকানের ওপর গাছ ভেঙে পড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে জামালপুরের...



