ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ারী গ্রামে দুটি জলাশয় ভরাট ও একটি সরকারি রাস্তা বন্ধ করে দেয়া হচ্ছে। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েছেন শতাধিক পরিবার। ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পর তিনি ভরাট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
জানা যায়, উপজেলার বিরুনীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম রিপন ও শহিদুল ইসলাম সরকারের নেতৃত্বে গারোইলেরটেক ভিটার বেশ কয়েকটি বাড়িসহ গারোইল ও দোইল্লা বিল থেকে ১৫০ বিঘা জমি কেনে উইন্ডি গ্রুপ নামে একটি শিল্প গ্রুপ। এরপর তারা সাইনবোর্ড টানিয়ে পার্শ্ববর্তী ফসলি জমি ও সরকারের খাসভূমিতে মাটি ফেলে দু’টি জলাশয় ভরাট করে দখলে নেয়ার কার্যক্রম চালাচ্ছে।
গোয়ারী গ্রামের ফজলুল হক সরকার অভিযোগ করেন, তার পৈতৃক ২১ শতাংশ জমি ওই কোম্পানির লোকজন জোরপূর্বক জবর দখল করে নেয়ার পাঁয়তারা করছে।

একই গ্রামের আব্দুল আউয়াল জানান, তাদের বাড়ির সামনের একমাত্র রাস্তাটি মাটি ফেলে বন্ধ করে দেয়া হয়েছে। শুধু তার পরিবারই নয়, মাটি ফেলার কারণে টেকের ভিটা এলাকার দুই থেকে আড়াই শ’ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী ও গ্রামবাসীর যাতায়াতে নিদারুণ কষ্ট হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফার সাথে কোম্পানির লোকজনদের যোগসাজশ রয়েছে। ফলে একাধিকবার অভিযোগ দেয়ার পরও তিনি নীরব ভূমিকা পালন করছেন।
উইন্ডি গ্রুপের স্থানীয় প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম সরকার রিপন রাস্তা বন্ধের কথা অস্বীকার করে বলেন, অভিযোগটি সত্য নয়। কোম্পানির কেনা জমিতেই মাটি ভরাট করা হচ্ছে। জোরপূর্বক কারো জমিতে মাটি ফেলা হচ্ছে না।
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মাটি ফেলার কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে মাটি ফেলার কাজ বন্ধ করে দেয়া হয়েছে।