নওগাঁর মান্দায় উজ্জ্বল হোসেন (৩৬) নামে এক নব বিবাহিত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
উজ্জ্বল হোসেন উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে।
শ্বশুড় বাড়িতে কি এমন ঘটনা ঘটেছে, আর কী কারণে আত্মহত্যা তার সঠিক কারণ এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, তার প্রথম স্ত্রী শারিরীক অসুস্থতাজনিত কারণে মারা যাওয়ায় গত শুক্রবার একই ইউনিয়নের খুদিয়াডাঙ্গা গ্রামে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর শনিবার বিকেলে তিনি, তার স্ত্রী ও আত্মীয়সহ নতুন শ্বশুড় বাড়িতে যান। সেখান থেকে রাত ১২টার দিকে কাউকে না জানিয়ে পালিয়ে চলে আসে। এরপর আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাকে। এরই একপর্যায়ে রোববার সকাল ৬টার দিকে বাড়ির পাশে একটি আমের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



