কাপ্তাই হ্রদে পানি না থাকায় বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গতকাল রোববার পাঁচটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিট চালু রেখে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।
কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গতকাল হ্রদে পানির পরিমাণ ছিল ৬৩.৬২ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এ সময় হ্রদে পানি থাকার কথা ৭৮.২০ মিনস সি লেভেল।
কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি ইউনিট (জেনারেটর) চালু রেখে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। জল বিদ্যুৎ কেন্দ্রের হাইড্রোলিক পাওয়ার স্টেশনে তীব্র পানি সঙ্কটে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
অনাবৃষ্টি এবং প্রচণ্ড তাপদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে এই সঙ্কট দেখা দিয়েছে। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন হ্রাসসহ ছয়টি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এ টি এম আবদুজ্জাহের বলেন, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।