সুনামগঞ্জ-সিলেট সড়কে আগামী ২৯ মে থেকে সব ধরনের যানবাহন বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
গতকাল দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা সাংবাদিকদের এই ধর্মঘটের কথা জানান।
পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধ মামলা প্রত্যাহার ও পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধসহ তিন দফা দাবিতে পরিবহন শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘটের ডাক দেয়।
এ সময় লিখিত বক্তব্যে পাঠ করেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, ‘মানববন্ধন করে প্রশাসনের কাছে তিন দফা দাবি বাস্তবায়ন করার জন্য দাবি জানালে প্রশাসন সেটি আমলে নেয়নি। পরে শ্রমিকরা মিলে দাবি আদায়ের লক্ষ্যে ৩ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেই। কিন্তু পুলিশ প্রশাসনের অনুরোধে এসএসির পরীক্ষার্থীর কথা চিন্তা করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। কিন্তু পুলিশ প্রশাসন তাদের কথা রাখেনি। তাই আগামী ২৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহসভাপতি মো: আনোয়ার হোসেন ও দফতর সম্পাদক মো: সুমন মিয়া প্রমুখ।