নরসিংদীর বেলাবতে ৪ গন্ডা জমি নিয়ে সংঘর্ষে একজনকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। আহত হয়েছেন আরো চারজন। ঘটনাটি ঘটে উপজেলার বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামে। নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন বিল্লাল হোসেনের স্ত্রী শামিমা আক্তার, ভাই ডালিম, ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম ও ভাতিজা আনোয়ার হোসেন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বিল্লাল হোসেনের সাথে ৪ গন্ডা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী ইয়াসিন মাস্টারের বাড়ির সোনালী মিয়ার ছেলে জুয়েল মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় গত রোববার দুপুরে সালিস বসে। পরে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে জুয়েলের নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বিল্লালের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রড ও বাঁশ দিয়ে পিটিয়ে বিল্লাল, তার স্ত্রী শামিমা আক্তার, ভাই ডালিম, ভাইয়ের স্ত্রী জাহানারা ও ভাতিজা আনোয়ারকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। সোমবার আহত বিল্লাল হোসেনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বেলাব থানার ওসি তানভীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।