লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিএনপির অভিযোগ, গত সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের একটি মিছিল থেকে ওই হামলা করা হয়। তবে উপজেলা আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মেডিক্যাল মোড় থেকে জনসভাস্থলে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল কর্মী পেট্রল পাম্পের কাছে বিএনপি কার্যালয়ের তালা ভেঙে কিছু নেতাকর্মী ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা অফিসের চেয়ার-টেবিল ও টিভি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের ছবি ভাঙচুর করে।
হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ হামলা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমাতে পারেনি। তারা যতই হামলা ভাঙচুর করুক আন্দোলনকে দমাতে পারবে না। উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন আওয়ামী লীগ কর্তৃক দলীয় অফিসে ভাঙচুরকে নজীরবিহীন উল্লেখ করে বলেন, হাতীবান্ধায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা অতীতে কখনো ঘটেনি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের একটি মিছিল পার্টি অফিসের সামন দিয়ে যাওয়ার সময় একটি অংশ অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।