বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার ব্যর্থ চেষ্টা করছে। তাদের সে চেষ্টা জনগণের আন্দোলনের মুখে ব্যর্থ হবে। ১০ দফা এখন সরকার পতনের এক দফায় পরিণত হয়েছে।’

শুক্রবার (২৬ মে) বিকেলে খাগড়াছড়ি শহরের কলাবাগানস্থ গণপূর্ত ভবনের সামনে ১০ দফা বাস্তবায়নের দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্ট, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ।

খাগড়াছড়িতে পৌঁছার সময় বেলা ১১টার দিকে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুর ২টায় জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে পুলিশের সামনে এ হামলার ঘটনা ঘটে। তিনি দাবি করেন, হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে, ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করে। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানিয়েছেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেয়ার সময় বিএনপি’র গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে বিএনপি’র উচ্ছৃংখল নেতাকর্মীরা উস্কানিমূলকভাবে ইট ও পাটকেল ছুঁড়তে থাকলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্র ও যুবলীগের চারজন আহত হয়েছেন।

পুলিশ সুপার নাইমুল হক জানান, পুলিশ অত্যন্ত সর্তকতার সাথেই দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।