একদিকে রোদ, অন্যদিকে টয়লেট থেকে আসছে গন্ধ। এমন অবস্থা নিয়েই গাছ তলায় শিক্ষাগ্রহণ করতে হচ্ছে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। আবার বৃষ্টি হলেই ক্লাস বন্ধ হয়ে যায়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘গতবছর উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন দিয়েছি। চলতি বছরও আবেদন দেয়া হয়েছে। কিন্তু কোনো ভবন পাইনি। চার কক্ষের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। উপায় না পেয়ে গাছ তলাতে পাঠদান করে যাচ্ছি।’

সহকারী শিক্ষক লিটন কুমার রায় বলেন, ‘বিদ্যালয়ে দু’টি ভবন রয়েছে। গত বছর পুরাতন একটি ভবনের ছাদ ভেঙে পড়ে। ওই ভবন এখন ব্যবহার করা যাচ্ছে না। দু’মাস ধরে আমরা গাছ তলায় ক্লাস নিচ্ছি। আরেকটা ভবন আছে দুই কক্ষের। ওই ভবনের একটি কক্ষে ক্লাস নেয়া হয় এবং অপরটি অফিস হিসেবে ব্যবহার করা হয়। বিদ্যালয়টির একটি কক্ষ ছাড়া ক্লাস নেয়ার মতো আর কোনো কক্ষ নেই।’

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনিকা ও আরিয়ান জানায়, গায়ে অনেক রোদ লাগে। তাদের কষ্ট হয়। ঠিকমতো পড়তে পারে না তারা। বাইরে থেকে দুর্গন্ধ আসে। আর বৃষ্টি হলে বই-ব্যাগ ভিজে যায়।

সহকারী শিক্ষক মো: সাহেব আলী জানান, অনেক সময় এক ক্লাসে দুই শ্রেণির শিক্ষার্থীদের বসতে দিতে হয়। এতে পাঠদান ব্যাহত হয়।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: ওয়াহিদুজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল জানান, ভবনের চাহিদা দেয়া আছে। আমরা আশাবাদী যে দ্রুতই ভবন পাওয়া যাবে।

বিদ্যালয় থেকে জানা যায়, ১৯০০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬৭ জন শিক্ষার্থী রয়েছে। এখানে পাঁচজন শিক্ষক ও একজন কর্মচারী রয়েছেন।