গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে আগুন লেগে বারোটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। গত সোমবার ২৯ মে রাত আনুমানিক আড়াইটায় এ ঘটনা ঘটে। জানা যায়, বাজারে নৈশ প্রহরীরা প্রথমে স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত দেখতে পান। তারা তখন দ্রুত দোকানদারদের ডেকে তুলেন এবং বাজারের মসজিদের মাইকে মাইকিং করে সকলকে জানিয়ে দেন। খবর পেয়ে কোটালীপাড়া উপজেলা ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অবশ্য ততক্ষণে বাজারের তিনটি মুদিদোকান, দুইটি স্বর্ণের দোকান এবং তিনটি হার্ডওয়্যারের দোকানসহ মোট ১২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।
ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, আমরা অনেক বড় ক্ষতির মুখে পড়েছি।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।