নাটোরে জাতীয় কৃষক সমিতির দু’দিনব্যাপী ৭ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, খাদ্যমন্ত্রী চালকলের মালিক আর বাণিজ্য মন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সর্ষের মধ্যেই ভূত। সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত ছাড়াব কিভাবে। তিনি বলেন, এটা আমার কথা নয়, এটা আওয়ামী লীগের শিল্পমন্ত্রীর কথা। আগামী সংসদ নির্বাচন নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। টাকা আর মার্কা দেখে ভোট দিলে হবে না, ভালো মানুষ দেখে যারা কৃষকের কথা চিন্তা করে তাদের ভোট দিতে হবে। তিনি বলেন, আমেরিকার ভিসানীতি কি হলো বা দেশের সংসদে কি হলো তা নিয়ে দেশের কৃষকদের চিন্তা নেই। কৃষক চায় তার উৎপাদিত পাট, আখ, ধান ও সবজির ন্যায্য দাম। কৃষক চায় সার, ডিজেল, কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে। কৃষক চায় তার প্রতিনিধি সংসদে যাক।
মেনন বলেন, দিনাজপুর ঠাকুরগাঁসহ দেশের বিভিন্ন জায়গায় অনেকবার প্রয়োজনে কৃষক বিদ্রোহ হয়েছে। আবার নতুন সময় আসছে দেশের কৃষকদের কোমর সোজা করে মাজায় গামছা বেঁধে মেরুদণ্ড শক্ত করে সোজা হয়ে দাঁড়াতে হবে।