লক্ষ্মীপুরের রামগঞ্জে মো : কাউছার হোসেন আপলাতুন নামের এক কৃষকের সাতটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
শুক্রবার (২ জুন) দিবাগত ভোররাতে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের পূর্ব সোন্দড়া গ্রামের নোয়াবাড়ীতে এ ঘটনা ঘটে।
জীবিকার অন্যতম অবলম্বন গরু হারিয়ে দিশেহারা আপলাতুন। এক রাতে কৃষক আপলাতুনের সাতটি গরু চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় লোকজন জানান, শুধু আপলাতুনের গরু নয়। গত এক মাসে এ এলাকার ১০ জন গরু খামারির প্রায় ২৫টি গরু চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো: আপলাতুন জানান, শুক্রবার দিবাগত রাতে তার খামারের তিনটি বড় গাভি, দু’টি ষাড় ও বকনাসহ সাতটি গরু খামারে খাবার দিয়ে তালাবদ্ধ রেখে ঘুমাতে যাই। সকালে উঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা। কাছে গিয়ে ঘর শূন্য দেখতে পাই। আমার সাতটি গরুর মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা। আমি একজন সাধারণ কৃষক। এই চুরির ঘটনায় আমি এখন দিশে হারা। সামনে কোরবানির ঈদ উপলক্ষে গরুগুলোর পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করেছি ধার দেনা করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক জানান, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। কেউ পুলিশকে অবগত করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



