কক্সবাজারের রামুতে বলী খেলা ও বৈশাখী মেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর। উপজেলার বিভিন্ন স্থানে তিনদিন ও দু’দিনব্যাপী আসর বসিয়ে বলী খেলার নামে চলছে নানা অনৈতিক কর্মকাণ্ড। দীর্ঘদিন রামুতে এমন জুয়ার আসর দেখা যায়নি। আকষ্মিকভাবে বলী খেলার নামের এসব জুয়ার জমজমাট আসর দেখে ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। তবে এসব আয়োজনের সাথে সম্পৃক্ত একাধিক ব্যক্তি জানান, তারা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে এসব আসর পরিচালনা করছেন।
গত শনিবার বিকেলে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী মুরাপাড়া এলাকায় তিনদিনব্যাপী বলী খেলা ও বৈশাখী মেলার শেষ দিনে বলী খেলার কোনো আয়োজন চোখে পড়েনি। দেখা মেলেনি কোনো বলীরও। তবে সেখানে ১০-১২টি স্টলে চলছিল জমজমাট জুয়ার আসর। এসব আসরে জুয়া খেলায় মেতেছে শিশু, কিশোর, বৃদ্ধসহ সব বয়সের মানুষ।
জানা গেছে, জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে গত ১ জুন থেকে নির্বিঘেœ চলছে এ জুয়ার আসর। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার কাছ থেকে বলী খেলা ও বৈশাখী মেলার নামে অনুমতি নিয়ে এ জুয়ার আসর চালিয়ে আসছেন ইউপি সদস্য আব্দুল জলিল ও তার একাধিক সহযোগী।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, বলী খেলা ও বৈশাখী মেলার অনুমতি দেয়ার এখতিয়ার ইউএনও ও ওসির নেই। তিনি আরো জানান, রামু থানায় যোগদানের দুই বছরে কোথাও বলী খেলা ও বৈশাখী মেলা কিংবা জুয়ার আসর দেখেননি। হঠাৎ কিভাবে এসব শুরু হলো বলতে পারছেন না।
রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরূপম মজুমদার জানান, বলী খেলা ও বৈশাখী মেলার নামে জুয়া খেলার আসর সম্পর্কে তিনি অবগত নন। তবে এখন থেকে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।