কুড়িগ্রামের ফুলবাড়ীতে তীব্র গরমে অসুস্থ হয়েছে পড়েছে দুই শিক্ষার্থী।

বুধবার দুপুরে উপজেলার উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুরুল আমিন জানান, ‘বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন দুপুর ১২ টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী হেলেনা আক্তার (১৪) তীব্র গরমে জ্ঞান হারিয়ে পরীক্ষা কক্ষেই লুটিয়ে পড়ে। আমরা তাকে উদ্ধার করে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। দুপুর ১টার দিকে একই শ্রেণির অপর শিক্ষার্থী আবু হাসান (১৫) পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরেই অজ্ঞান হয়ে পড়ে। তার পরিবারের লোকজন তাকেও দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা দু’জনই চিকিৎসাধীন রয়েছে।’

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন জানান, মুমূর্ষু অবস্থায় ওই দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলে তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা দু’জনই শঙ্কামুক্ত।