ভোলার লালমোহনে ডোবার পানিতে ডুবে মো: রিহান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষেদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রিহান ওই এলাকার মো: দুলালের ছেলে।

জানা গেছে, বিকেলে উঠানে খেলছিল রিহান। এ সময় সবার অগোচরে বসত ঘরের পেছনের ডোবায় পড়ে যায় সে। তাকে উঠানে দেখতে না পেয়ে তার মা সুরমা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পেছনের ডোবাতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।