মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নামসর্বস্ব অমি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাক্তার নামধারী উসমান গণির বিরুদ্ধে গাইনি ডাক্তার সেজে এক নারী রোগীর সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামের পিংকী আক্তার নামে এক নারী চিকিৎসা নিতে ওই ক্লিনিকে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন। তিনি জনৈক ব্যক্তির পরামর্শে ওই ক্লিনিকে গাইনি চিকিৎসার জন্য গেলে ভুয়া ডাক্তার উসমান গনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে ও তার ভিজিট বাবদ ৫ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী ওই রোগী ২ হাজার টাকা পরিশোধ করেন। পরে তাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধরিয়ে দিয়ে বাড়তি টাকাও হাতিয়ে নেন উসমান গনি। পরদিন মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করায় পিংকীর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীরা ওই ক্লিনিকে গেলে অভিযুক্ত উসমান তার প্রতিষ্ঠানের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দা তাসনুভা মারিয়া বলেন, উনি তো ডাক্তার না। তিনি কোনো চিকিৎসা দিতে পারেন না। এ সব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



