সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো একজন।
সোমবার ভোর পৌনে ৫টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে সবাই ওই দুই ট্রাকের চালক ও হেল্পার বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোয়ারগাঁওয়ে চাকা মেরামতের জন্য দাঁড়ানো একটি ট্রাকের পেছনে ঢাকাগামী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে চাকা মেরামত করতে থাকা ট্রাকের চালক (৫০), হেল্পার (৩৮) ও ধাক্কা দেয়া ট্রাকের হেল্পার (৪০) ঘটনাস্থলে নিহত হন। এছাড়া ধাক্কা দেয়া ট্রাকের চালকের পা দু’টি থেতলে যায়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত অপর চালককে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম জানান, চাকা মেরামত করতে মহাসড়কে দাঁড়ানো ট্রাকের পেছনে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে মেরামত করতে থাকা ট্রাকের চালক ও হেল্পার এবং ধাক্কা দেয়া ট্রাকের হেল্পার ঘটনাস্থলে নিহত হন। অপর চালকের দুই পা কেটে ফেলা হয়েছে।



