সিলেটের গোলাপগঞ্জের ট্রাস্ট ব্যাংকের গানম্যানের অসাবধনতায় গুলিবিদ্ধ হয়ে তিন পথচারী আহত হয়েছে। আগ্নেয়াস্ত্রে গুলি আনলোড করতে গিয়ে এ ঘটনা ঘটে। এতে একটি নোহাগাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ট্রাস্ট ব্যাংকের গোলাপগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।
আহততের দুজন হলেন উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রনকেলী উত্তর গ্রামের সেলিম আহমেদের ছেলে রেজাউল হাসান আকাশ (১৬) ও একই গ্রামের মরহুম জামাল উদ্দিনের ছেলে শাহিন আহমদ (১৮)। তবে অপর আহত পথচারীর পরিচয় জানা যায়নি।
জানা গেছে, একটি গাড়িতে সিলেট জালালাবাদ সেনানিবাস শাখার ট্রাস্ট ব্যাংক থেকে টাকা নিয়ে গোলাপগঞ্জ শাখায় আসেন শাখার ক্যাশ অফিসার সরুপান্দন, পিয়ন হাসেম, চালক হোলাল উদ্দিন ও গানম্যান সাদেক আহমদ। উপজেলা সদরের রাজমহল শোরুমের পাশে ব্যাংকের নিচে গাড়ি পার্কিং করে টাকা নিয়ে ব্যাংকে যান সরুপান্দন, হাসেম ও হেলাল উদ্দিন। এ সময় ব্যাংকের গানম্যান সাদেক হোসেনের সাথে এক নলা আগ্নেয়াস্ত্র গুলি ভর্তি লোড করা ছিল। বন্দুকের গুলি আনলোড করতে গেলে বন্দুক থেকে গুলি বের হয়ে যায়। এ সময় তিন পথচারীর শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় বন্দুকের গুলিতে একটি নোহাগড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ট্রাস্ট ব্যাংক গোলাপগঞ্জ শাখার ম্যানেজার শাহানারা জান্নাত চৌধুরীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘ব্যাংকে কর্মরত গানম্যানের অসাবধানতায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা আহতদের ব্যাংকের অর্থায়নে চিকিসাসেবা প্রদান করেছি। আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে।’
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘ব্যাংকের কর্মরত গানম্যান বন্দুকের গুলি আনলোড করতে গেলে গুলি ছুঁড়ে তিন পথচারী আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তবে কেউ থানায় অভিযোগ জানায়নি।’



