সিলেটের গোলাপগঞ্জের ট্রাস্ট ব্যাংকের গানম্যানের অসাবধানতায় গুলি আনলোড করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ৩ পথচারী আহত হয়েছেন ও একটি নোহাগাড়ি গুলিতে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতদের গলা, কপাল, পিটসহ শরীরের বিভিন্ন স্থান গুলিতে ক্ষতবিক্ষত হয়েছে। গুলিবিদ্ধ আহতরা হলেন- রেজাউল হাসান আকাশ (১৬), শাহিন আহমদ (১৮) অপর পথচারীর পরিচয় জানা যায়নি। গতকাল দুপুরে উপজেলা সদরের রাজমহল শোরুমের পাশে ট্রাস্ট ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, ট্রাস্ট ব্যাংকের গোলাপগঞ্জ শাখার টাকা সিলেট জালালাবাদ সেনানিবাস শাখার ট্রাস্ট ব্যাংক থেকে একটি গাড়িতে করে নিয়ে আসেন ট্রাস্ট ব্যাংক গোলাপগঞ্জ শাখার ক্যাশ অফিসার সরুপান্দন, পিয়ন হাসেম (৪২), চালক হোলাল উদ্দিন (৫০) ও গানম্যান সাদেক আহমদ (৬২)। বেলা ১টার দিকে উপজেলা সদরের রাজমহল শুরুমের পাশে ব্যাংকের নিচে গাড়ি পার্কিং করে টাকা নিয়ে ব্যাংকে যান অফিসার সরুপান্দন, পিয়ন হাসেম (৪২) ও চালক হেলাল উদ্দিন। এ সময় ব্যাংকের গানম্যান সাদেক হোসেনের সাথে এক নলা আগ্নেয়াস্ত্র গুলি ভর্তি করা ছিল। বন্দুকের গুলি আনলোড করতে গিয়ে অসাবধানতাবসত বিকট শব্দে বন্দুক থেকে গুলি বের হয়ে যায়। এ সময় তিন পথচারীর শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে আহত হন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, অসাবধানতাবসত ব্যাংকের কর্মরত গানম্যান বন্দুকের গুলি আনলোড করতে গিয়ে গুলিতে তিন পথচারী আহত হয়েছেন। তদন্ত চলছে। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেননি।