ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোপাখিয়ায় দিনেদুপুরে রাস্তা থেকে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মমিনুরকে সাদা প্রাইভেটকারে আসা একদল ছিনতাইকারী বেলা দেড়টার দিকে গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে ৪ জন নেমে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ডিবি পুলিশের পরিচয় দিয়ে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে ঝিনাইদহের দিকে চলে যাই। এর মধ্যে গাড়ি থেতে নামা ৪ জনের ১ জন থেকে যায়। ধারণা করা হচ্ছে সে ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায়। এদিকে ছিনতাই কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কারটি ঝিনাইদহ বাইপাস রোডে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনায় রাতেই ইজিবাইক চালক মমিনুর কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারীদের কবলে পড়ে মমিনুর কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও জীবিকা অর্জনের একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ মাত্র পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।