ভোলার লালমোহন উপজেলায় ট্রাকের ধাক্কায় মো: জিসান নামে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের হোসেন চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জিসান ওই এলাকার মো: জাহাঙ্গিরের ছেলে।

নিহত শিশুর স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে অন্য শিশুদের সাথে খেলছিল জিসান। খেলার ছলে বাড়ি থেকে দৌড়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওপর চলে যায় সে। এ সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় জিসান।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।