চট্টগ্রামের সাতকানিয়ায় বাইসাইকেল চালিয়ে স্কুল থেকে ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ রাকিব (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে স্কুলের অদুরে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনামোড়া এলাকার মো: মফিজুর রহমানের ছেলে। সে ছদাহা কে কে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রাকিব বাইসাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় সে বজ্রপাতে আহত হয়ে বাইসাইকেল থেকে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মো: মোর্শেদুর রহমান জানান, আমার এলাকায় বজ্রপাতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্কুল থেকে বাইসাইকেল নিয়ে ফেরার পথে বজ্রপাতের আঘাতে মারা যায়।



