চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে সাতকানিয়ার ফায়ার সার্ভিস অফিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় নুরুল ইসলাম মন্টুর মুদির দোকান, সামশুল ইসলাম মেম্বারের চায়ের দোকান, মোস্তাক মিয়ার চায়ের দোকান, ডা: ওমর আলীর চেম্বার, সিরাজ হাজীর দোকান ও নজরুলের মুরগির দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কারনায়েন জানান, কালিয়াইশ মাস্টারহাটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০-১২ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।