কক্সবাজারের পেকুয়ায় তিন সহোদরকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত তিন ভাইকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল রোববার সকাল ৭টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাট স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেটিঘাটসংলগ্ন বেড়িবাঁধের সরকারি জায়গা নিয়ে ফতেহ আলী পাড়ার ফেরদৌস এবং একই ইউনিয়নের মওলারপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ইব্রাহীম গংদের মধ্যে বিরোধ চলছিল। সরকারি ওই জায়গাটি ফেরদৌসের পরিবার দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ করছিল। সম্প্রতি জায়গা নিয়ে লোলুপ দৃষ্টি পড়ে ইব্রাহীম গংদের। এ নিয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উভয়পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে। স্থানীয়রা পরিমাপসহ জায়গাটির বৈধ দখলদার হিসেবে ফেরদৌসকে দখল বুঝিয়ে দেয়াসহ বৈধতা নিশ্চিত করে। এ দিকে ঘটনার দিন সকালে মৃত আজিজুর রহমানের ছেলে ইব্রাহীমসহ তার অনুগত ১০/১৫ জনের লোক নিয়ে বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। এতে করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনাসহ বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে ইব্রাহীম তার ভাই রেজাউল করিমসহ ১০/১৫ জন লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় ফেরদৌসের তিন ছেলে রায়হান, রাশেদ ও মোর্শেদকে মাথায় ও হাতে কুপিয়ে জখম করা হয়।
পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।