ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বাস চাপায় মো: মাসুদ রানা (১৭) নামে ব্যাটারিচালিত এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রিকশায় থাকা স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী।

সোমবার (১৯ জুন) সকালে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা দেবিদ্বার উপজেলার ইন্দ্রারচর গ্রামের সুমনের ছেলে। রিকশা থাকা যাত্রী আহত সাইমা আক্তার চান্দিনা সামছুল হক মোল্লা স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

চান্দিনা সামছুল হক মোল্লা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রোবেল মিয়া জানান, সকালে নিজ বাসা থেকে রিকশাযোগে স্কুলে আসার সময় দুর্ঘনার শিকার হয় সাইমা আক্তার। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো: ওবায়দুল ইসলাম জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে চান্দিনা পালকি সিনেমা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা মহাসড়কটি পার হওয়ার সময় বাসটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মাসুদ রানা নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসচালক পলাতক হলেও বাসটিকে আটক করা হয়েছে।