ফরিদপুরের সালথায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন মো: মহিদুল শেখ (২৫) নামে এক প্রবাস ফেরত যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সম্মানসেন গ্রামে এ ঘটনা ঘটে।

মহিদুল ওই গ্রামের মরহুম কুসেই শেখের ছেলে।

তবে কী কারণে তিনি পুরুষাঙ্গ কেটেছেন, তা সঠিকভাবে বলতে পারেনি কেউ।

মহিদুলের পরিবার সদস্যরা জানায়, মহিদুল দীর্ঘ দিন সৌদি আরবে ছিল। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গত তিন মাস আগে দেশে ফেরে আসেন। বাড়িতে আসার পরও তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মহিদুল তার নিজের ঘরে ডাক-চিৎকার শুরু করেন। এসময় পরিবারের লোকজন গিয়ে দেখেন, তিনি নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছেলেটা কী কারণে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছে তা এখনো জানতে পারিনি। তবে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।’