টাঙ্গাইলের দেলদুয়ারে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই কর্মচারীকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ জুন) দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো: জনি (২৩)। তিনি উপজেলার হেরেন্ড পাড়ার বাদশা মিয়ার ছেলে।
ওসি জানান, প্রায় ১ মাস পূর্বে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পিয়ন ও আয়া পদে নিয়োগ দেয়া হয়। এই নিয়োগকে কেন্দ্র করে লাউহাটি ও হেরেন্ড পাড়া এলাকার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সন্ধ্যায় হেরেন্ড পাড়ার জনি লাউহাটি বাজারে একটি দোকানে যান। এ সময় একজন জনিকে ডেকে অন্য স্থানে নিয়ে গেলে প্রতিপক্ষের গ্রামের কয়েকজন ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ সময় আশপাশের লোকজন চলে আসলে হামলাকারীরা চলে যায়। গুরুত্বর আহত জনিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



