নওগাঁর মান্দায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে রাকিবুল ইসলাম রকি (২২) নামে এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর-সৈয়দপুর এলাকায় অবস্থিত মেসার্স হাজেরা ব্রিক্স ফিল্ড নামক ইট ভাটায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর থানাধীন রাইঘাটি ইউনিয়নের লালোইচ দক্ষিণপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। তিনি প্রায় ১৫ দিন ধরে ওই ভাটায় এক্সকাভেটর মেশিন দ্বারা মাটি সড়ানোর কাজ করছিলেন।
নিহত রাকিবুল ইসলামের সহকর্মী শাওন বলেন, 'আমি ও রকি ভাটার অদূরে মাটির স্তুপ থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি সড়ানোর কাজ করছিলাম। আমি আমার মেশিনটি বন্ধ রেখে ছায়াতে বসে ওর কাজ করা দেখছিলাম। কিছুক্ষণ পর রকি পানি আনার জন্য নিচে নামে। প্রায় আধা ঘণ্টা পরেও সে না ফেরায় এবং অন্যের ডাকে কাছে গিয়ে দেখি সে বৈদ্যুতিক লাইনের নিচ হতে গভীরে মৃত অবস্থায় পড়ে আছে।'
সরেজমিন দেখা যায়, মেসার্স হাজেরা ব্রিক্স ফিল্ড ইট ভাটার মাটির স্তুপটির কিছু অংশ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের নিচে অবস্থিত। এর কিছু অংশ বৈদ্যুতিক লাইনটি থেকেও কিছুটা উঁচুতে রয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী মুঠোফোনে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



