টাঙ্গাইলের দেলদুয়ারে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর দুই কর্মচারীকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ২৩ বছর বয়সী যুবক মো: জনি উপজেলার হেরেন্ড পাড়ার বাদশা মিয়ার ছেলে।
দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, প্রায় এক মাস আগে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পিয়ন ও আয়া পদে নিয়োগ দেয়া হয়। এই নিয়োগকে কেন্দ্র করে লাউহাটি ও হেরেন্ডপাড়া এলাকার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সন্ধ্যায় হেরেন্ডপাড়ার জনি লাউহাটি বাজারে একটি দোকানে গেলে প্রতিপক্ষের কয়েকজন যুবক তাকে ডেকে অন্যত্র নিয়ে যায়। সেখানে জনিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আশপাশের লোকেরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।