গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউপি সদস্যসহ আপন তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ কাশিয়ানী সদর ইউনিয়নের জঙ্গলমুকুন্দপুর গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে কামাল শেখ (৫৫), ইউপি সদস্য জামাল শেখ (৪২) ও বালু ব্যবসায়ী রঞ্জু শেখ (৩৮)। আহতদের মধ্যে রঞ্জু ও জামালের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত এসে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে তাদের মৃত ভেবে পালিয়ে যায়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিবারের দাবি পূর্বশত্রুতার জের ধরে (চাচাতো বোনের ছেলে) ভাগ্নে রাকিব ও তার সন্ত্রাসী বাহিনী এ ঘটনা ঘটিয়েছে।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।