শেরপুরের শ্রীবরদীতে আশিক নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে পোড়াগড় গ্রামে একটি কাঠ বাগানে এ ঘটনা ঘটে।
নিহত আশিক (১৯) উপজেলার পোড়াগড় গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং শ্রীবরদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আশিক গরীব পরিবারের সন্তান। অভাব-অনটনে সংসারে সে টিউশনি করে পড়াশুনার খরচ চালাত। সম্প্রতি সে ভারসাম্যহীন হলে তার বাবা-মা তাকে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ করে তোলে। ঘটনার আগের রাতে আশিক তার মাকে বলে আমি কাঠ বাগানে যাব। এ সময় তার মা তাকে বাগানে যেতে নিষেধ করেন।
আরো জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে সকলের অজান্তে কাঠ বাগানের একটি নিম গাছের ডালে গলায় গামছা পেচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন তাকে গাছের ডালে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শ্রীবরদী থানার এসআই নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।



