হাতি তাড়ানোর ফাঁদে জড়িয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী পূর্ব গোবরাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবু হানিফা (২৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গোবরাকুড়া গ্রামের মরহুম খায়রুল ইসলামের ছেলে।

জানা যায়, সম্প্রতি গোবরাকুড়া সীমান্ত এলাকায় প্রায় রাতে বন্য হাতির পাল এসে ফসলি ক্ষেত ও মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি করছে। কিছু দিন আগে এক নারী হাতির আক্রমণে আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের চাচা দুলাল মিয়া বলেন, পূর্ব গোবরাকুড়া এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সেতু, বিবতী ও বিক্রম বাড়িঘরের আশপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখে এবং ওই লাইন দিনের বেলায় বন্ধ না করে চালু রাখে। সকালে আমার ভাতিজা গরু নিয়ে মাঠে গেলে তাদের তৈরি ফাঁদে পড়ে সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ হালুয়াঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: দেলোয়ার হোসেন খান বলেন, বন্যপ্রাণী আইনে বন্য হাতির ক্ষতি সাধন করার জন্য পল্লী বিদ্যুৎ অফিস থেকে ফাঁদ তৈরির কোনো অনুমতি দেয়া হয়নি। যারা বিদ্যুতের লাইন ব্যবহার করে এ কাজটি করেছেন, তারা সম্পূর্ণ অবৈধ ও বেআইনিভাবে করেছেন। আমি ইতোমধ্যেই বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।