দিনাজপুরের ফুলবাড়ীতে দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সাবেক ও ঢাকা প্রাইম ইউনিভার্সিটির বর্তমান মেধাবী ছাত্র রিয়াদ হোসেন হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সকল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকালে দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাজিল মাদরসার আয়োজনে পৌর শহরের বটতলি মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা সকল মাদরাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এ এস এম শাহাদতুল্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন রিয়াদের বাবা খাজাপুর মাদরাসার অধ্যক্ষ মাহাবুবুর রহমান, শাহাপুর মাদরাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, মেলাবাড়ী মাদরাসার সুপার আবরাক হোসেন, তেঁতুলিয়া মাদরাসার (ভারপ্রাপ্ত) সুপার আব্দুল জব্বার, পানিকাটা মাদরাসার সুপার আরিফুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আলিম, ইবনুর, আলমগীর, সুমাইয়া, ফারিয়া ও মরিয়ম। বক্তারা বলেন, মেধাবী ছাত্র রিয়াদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার তীব্র নিন্দা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১২ জুন বিকেলে রিয়াদের প্রতিবেশী চাচা নাঈম হোসেন নতুন মোটরসাইকেল কেনার কথা বলে রিয়াদকে তার মেস থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। গত ১৬ জুন বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর ধোপাচালা এলাকায় বনের ভেতর থেকে রিয়াদের অর্ধগলিত লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। এরপর কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গত ১৭ জুন র্যাব-১ তদন্ত করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মানপুর এলাকা থেকে নাঈম হোসেনকে গ্রেফতার করে।