সিরাজগঞ্জের রায়গঞ্জে কুরবানী ঈদকে সামনে রেখে বিভিন্ন হাট-বাজারে টুং টাং শব্দে দা, বটি, ছুরিসহ গোশত কাটার সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন তারা।
সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, আগুনের শিখায় তাপ দিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি হচ্ছে দা-বঁটি, চাপাতি ও ছুরি। কুরবানীর পশু জবাই করার সরঞ্জাম, পরিবারের ব্যবহৃত ও অব্যবহৃত দা-বঁটি ও ছুরি শান দেয়ার জন্যে নিয়ে আসছেন কামার পল্লীর কাছে।
উপজেলার ঘুড়কা বাজারের ঈশ্বর চন্দ কর্মকারসহ একাধিক কামার শিল্পী জানান, বর্তমানে লোহা ও কয়লার দাম বেশি হলেও তেমন একটা দাম বাড়েনি আমাদের পারিশ্রমিক মজুরির। এই পেশায় আগের মতো আর লাভ নাই। তাই এই ব্যবসা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন অনেকেই। কিন্তু পূর্ব পুরুষদের এ পেশা টিকিয়ে রাখতে কাজ চালিয়ে যাচ্ছি আমরা।



