নান্দাইলে প্রেমিকার সাথে অভিমান করে বিষ পানে জুনায়েদ মিয়া (১৭) নামে এক প্রেমিক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৩ জুন) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুনায়েদ উপজেলার খারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জুনায়েদের সাথে পাশের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের এক তরুণীর (১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার ওই তরুণীর সাথে তার মনোমালিন্য হয়। পরে অভিমান করে দুপুর ২টার দিকে পরিবারের অগোচরে বিষ পান করেন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা এনামুল বলেন, কাদিরপুর গ্রামের এক মেয়ের সাথে জুনাইদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির সাথে রাগ করে বিষপান করে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রতন মিয়া জানান, বৃহস্পতিবার ছেলেটি বিষ পান করেছিল শুক্রবার সকালের দিকে হাসপাতালে মারা গেছে। আমি এলাকার বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুজ্জামান রাশেদকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।



