নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে বিনা মিত্র (১৯) নামে এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জিনারদীর বড়িবাড়ি গ্রামে বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে নিজ বসতঘরে খুন হয় বিনা মিত্র। নিহত বিনা মিত্র বড়িবাড়ি গ্রামের মুকুল চন্দ্র মিত্রের মেয়ে। সে ঘোড়াশাল মুসাবিন হাকি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে বিনা তার ঘরে লেখাপড়া করছিল। রাত ১০টার দিকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে ঘরের ভেতর তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের মা উর্মিলা মিত্র জানান, দুই বছর আগে ঘোড়াশাল লাগাইল্লা গ্রামের জগদিসের ছেলে সঞ্জয় ভৌমিকের সাথে বিয়ে হয় বিনা মিত্রের। বিয়ের পর মেয়ে জানতে পারে তার স্বামীর আগের স্ত্রী ও সন্তান রয়েছে। পরে বিয়ের দুই মাসের মাথায় বাবার বাড়ি চলে আসে বিনা মিত্র। এর পর থেকেই স্বামীর সাথে মনমালিন্য চলছিল তার। ঘটনার দুই দিন আগেও তার স্বামী তার কাছে যাওয়ার জন্য বিনাকে মারধর করেছিল।

পলাশ থানার ওসি মো: ইলিয়াছ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী সঞ্জয় ভৌমিক পলাতক রয়েছেন।