কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় একরামুল হক (৪৫) ও মাসুদ রানা (৯) নামে দু’জন নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে।

রোববার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগিশ চাঁদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ রানা ও একরামুল হক উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা।

চালক মিলন বাবু পাশে নাগেশ্বরী উপজলার এগারো মাথা এলাকার মোকছেদুল হকের ছেলে।

নিহত একরামুল হকের ছেলে মেহেদী হাসান জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে তার বাবা একরামুল হক, ছোট ভাই মাসুদ রানাকে বাইসাইকেলের পেছনে নিয়ে ঈদের মার্কেট করার জন্য ফুলবাড়ীর উদ্দেশে রওনা দেন। এ সময় উপজেলার সদর ইউনিয়নের চাঁদেরবাজার নামক স্থানে পৌঁছিলে ইটবোঝাই ট্রলিটি পেছন দিক থেকে স্বজোরে ধাক্কা দেয়। ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়। স্থানীয়রা তার বাবাকে মারাত্বক আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ৩টার দিকে তিনিও মারা যান।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিচালক মিলন বাবুকে আটক করে থানায় নিয়ে আসে।

কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বাপ-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, চালক আটক আছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।