জামালপুরের দেওয়ানগঞ্জে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৪০ টাকায়।
সোমবার (২৬ জুন) উপজেলার দেওয়ানগঞ্জ বাজার, বাহাদুরাবাদ, ঝালরচর, মন্ডলবাজার, সানন্দবাড়ী, সুগারমিল বাজার ও জাম্বিল বাজারসহ বিভিন্ন হাট বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।
ইতোপূর্বে যারা হাট-বাজারে গিয়ে এক কেজি আধা ও এক কেজি কাঁচা মরিচ কিনেছে, এখন দেখা যায় তারা কিনছে এক পোয়া আধা পোয়া মরিচ। অনেকের কাঁচা মরিচ কেনার সামর্থ না থাকায় শুকনো মরিচ বা মরিচ গুঁড়া তরি তরকারিতে ব্যবহার করছে। দিনমজুর ও নিম্নায়ের মানুষরা উচ্চ মূল্যে কাঁচা মরিচ কিনতে হিমশিম খাচ্ছে। কি কারণে হঠাৎ করে দেওয়ানগঞ্জে প্রতিটি হাট-বাজারে কাঁচা মরিচের দাম রাতারাতি বৃদ্ধি পেল তার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যাচ্ছে না।
বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, বাজারে কাঁচা মরিচের যে চাহিদা সে পরিমাণ আমদানি হচ্ছে না। এ ছাড়া ঈদের সামনে ক্রেতারা প্রয়োজনের চেয়ে অধিক পরিমাণ কাঁচা মরিচ কিনতে থাকায় দাম বেড়ে গেছে।
এবার মরিচ আবাদ কালে দুই হাজার ৩০০ টাকা থেকে তিন হাজার ৫০০ টাকা পর্যন্ত প্রতিমন কাঁচা মরিচ বেচা বিক্রি হয়েছে বলে জানান বাহাদুরাবাদ ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের মরিচ আবাদি বাচ্চা গেল্লা, দুলু মিয়া, খুদি, আবু সাইদ, শাহজাহানসহ অনেকে।
কাঁচা মরিচের পাশাপাশি অন্য খাদ্যপণ্যের মূল্যও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে বাজার মনিটরিংয়ের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।



